টাইব্রেকারে হার, বিশ্বকাপ স্বপ্ন ভাঙল ইতালির
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬
আরেকবার বিশ্বকাপে খেলার আশা ভেঙে গেল ইতালির। প্লে-অফ ফাইনালে বসনিয়া ও হার্জেগোভিনার কাছে টাইব্রেকারে ৪-১ ব্যবধানে হেরে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে ব্যর্থ হলো চারবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি।
জেনিৎসার বিলিনো পোলি স্টেডিয়ামে ম্যাচের শুরুটা ছিল ইতালির পক্ষে। প্রথমার্ধের ১৫ মিনিটেই ফরোয়ার্ড ময়েস কিন গোল করে দলকে এগিয়ে দেন। এতে দীর্ঘদিনের বিশ্বকাপ খরা কাটানোর স্বপ্ন আরও জোরালো হয়ে ওঠে তাদের।
তবে প্রথমার্ধের শেষদিকে ম্যাচের চিত্র বদলে যায়। ৪২ মিনিটে ডিফেন্ডার আলেসান্দ্রো বাস্তোনি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় ইতালি। এরপর থেকেই ম্যাচে নিয়ন্ত্রণ নিতে শুরু করে বসনিয়া।
দ্বিতীয়ার্ধে অতিরিক্ত খেলোয়াড়ের সুবিধা কাজে লাগিয়ে আক্রমণের চাপ বাড়ায় স্বাগতিকরা। ইতালির গোলরক্ষক জিয়ানলুইজি ডোনারুম্মা বেশ কয়েকটি দারুণ সেভ করে দলকে টিকিয়ে রাখলেও শেষ পর্যন্ত আর রক্ষা হয়নি। ম্যাচের ৮২ মিনিটে এডিন জেকোর আক্রমণ থেকে গোল করে সমতায় ফেরে বসনিয়া।
নির্ধারিত সময়ে ১-১ সমতা থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়েও কোনো দল গোল করতে না পারায় ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে।
টাইব্রেকারে শুরু থেকেই পিছিয়ে পড়ে ইতালি। বসনিয়ার হয়ে বেঞ্জামিন তাহিরোভিচ প্রথম শট থেকেই গোল করেন, অন্যদিকে ইতালির পিও এস্পোসিতো শট মিস করেন। পরে ব্রায়ান ক্রিস্টান্তেও ব্যর্থ হলে ম্যাচ থেকে ছিটকে যায় ইতালি।
শেষ পর্যন্ত টাইব্রেকারে ৪-১ ব্যবধানে জয় পেয়ে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে বসনিয়া ও হার্জেগোভিনা। অন্যদিকে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের বাইরে থেকে গেল ইতালি, যা দেশটির ফুটবল ইতিহাসে বড় হতাশা হিসেবে ধরা হবে।

0 মন্তব্যসমূহ