যাত্রী হয়রানি ও ভাড়া নৈরাজ্যে জামায়াতের উদ্বেগ

যাত্রী হয়রানি ও ভাড়া নৈরাজ্যে জামায়াতের উদ্বেগ   

স্টাফ রিপোর্টার

সারা দেশে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রায় চরম ভোগান্তি, অতিরিক্ত ভাড়া আদায় এবং সার্বিক অব্যবস্থাপনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।



বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এ উদ্বেগের কথা জানান।

বিবৃতিতে তিনি বলেন, প্রতিবছরের মতো এবারও ঈদ উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষ নাড়ির টানে বাড়ির উদ্দেশে রওনা হচ্ছেন। তবে দুঃখজনকভাবে এবারের ঈদযাত্রায় যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। সড়ক, রেল ও নৌপথে তীব্র যানজট, টিকিট সংকট, অনিয়ম এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে সাধারণ মানুষের কষ্ট আরও বেড়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক।

অ্যাডভোকেট জুবায়ের বলেন, পরিবহন খাতে একটি অসাধু চক্র পরিস্থিতির সুযোগ নিয়ে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে, যা অমানবিক ও অনৈতিক। এ ধরনের অনিয়ম রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।


বিবৃতিতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দপ্তর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পরিবহন মালিক-শ্রমিকদের প্রতি সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি অতিরিক্ত ভাড়া আদায়, টিকিট কালোবাজারি ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর নজরদারি জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।


তিনি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করলে ঈদযাত্রায় মানুষের দুর্ভোগ কমবে এবং যাত্রীরা নির্বিঘ্নে প্রিয়জনের কাছে পৌঁছাতে পারবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ